
নিউজ ডেস্কঃ
রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় হাইকমিশনার ও তার স্ত্রী নাইমা ইমরানকে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪টা ৫৬ মিনিটে বারিধারার ইউএন রোডের ২২ নম্বর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্বল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের ফলে বাসভবনে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। এতে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে সকাল ৯টার দিকে হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরানকে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিক পর্যবেক্ষণের পর তাদের আইসিইউতে স্থানান্তর করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ধোঁয়ার কারণে চিকিৎসাধীন থাকলেও বর্তমানে তাদের দুজনের শারীরিক অবস্থাই স্থিতিশীল রয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST