নিউজ এডিটর
৩ নভেম্বর ২০২৬, ২:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে চসিক প্রশাসক

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ চট্টগ্রাম ব্যুরো:কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ তলা ভিতবিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার সমন্বয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ডা. শাহাদাত হোসেন। সোমবার (২ নভেম্বর) দুপুরে নগরীর উত্তর কাট্টলীস্থ কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬ তলা ভিতবিশিষ্ট ২ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শাহাদাত হোসেন বলেন, নতুন একাডেমিক ভবন নির্মিত হলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট অনেকাংশে দূর হবে। শিক্ষার্থীরা আরও উন্নত ও শিক্ষাবান্ধব পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও সিটি কর্পোরেশন গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষাজীবন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাই সময়ের যথাযথ ব্যবহার করতে হবে। নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে শিক্ষকদের পাঠদান মনোযোগ দিয়ে অনুসরণ করতে হবে। শ্রেণিকক্ষে মনোযোগ দিয়ে পাঠ গ্রহণ করতে পারলে শিক্ষার্থীদের জ্ঞান ও মেধার বিকাশ আরও সমৃদ্ধ হবে। তিনি বলেন, তোমাদের প্রত্যেকের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে। এই প্রতিভাকে কাজে লাগিয়ে তোমরা দেশ ও চট্টগ্রামের জন্য অনেক ভালো কিছু করতে পারবে। ভবিষ্যতে কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ শিক্ষক কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হবে। কিন্তু দিনশেষে আমাদের প্রত্যেকের লক্ষ্য হতে হবে মানুষের কল্যাণে কাজ করা। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছাড়া প্রকৃত অর্থে আলোকিত মানুষ হওয়া সম্ভব নয়। নগর পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে চসিক প্রশাসক বলেন, যেখানে-সেখানে প্লাস্টিক, পলিথিন ও ডাবের খোসা ফেলার কারণে ড্রেনের পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে এসব বর্জ্যে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন ঘটছে, যা ডেঙ্গুর ঝুঁকি বাড়াচ্ছে। তাই পরিচ্ছন্নতা শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, এটি প্রত্যেক নাগরিকের সামাজিক দায়িত্ব। শিক্ষার্থীদের নিজেদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। তোমরা সচেতন হলে পরিবার ও সমাজও সচেতন হবে। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠের বিকল্প নেই। এ লক্ষ্যেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১১টি খেলার মাঠ প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে। কাট্টলী এলাকার দুটি খেলার মাঠও পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী করার উদ্যোগ রয়েছে। শিক্ষার্থীদের মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি পরিহার করে পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে মনোযোগী হতে হবে। শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জীবনে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে নিয়ম-শৃঙ্খলা মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। সময়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং প্রতিটি কাজে দায়িত্বশীল আচরণ করা একজন শিক্ষার্থীর অন্যতম গুরুত্বপূর্ণ গুণ। চট্টগ্রামকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রশাসক বলেন, আমরা এমন একটি সাম্যের নগরী গড়তে চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করবে। নগর উন্নয়নের পাশাপাশি নতুন প্রজন্মকে মানবিক, দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাও আমাদের লক্ষ্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিতব্য ৬ তলা ভিতবিশিষ্ট এ একাডেমিক ভবনের প্রথম পর্যায়ে ২ তলা নির্মাণ করা হবে। ভবনটি নির্মিত হলে বিদ্যালয়ের অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য উন্নত পাঠদানের পরিবেশ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে চসিক প্রশাসক

১

সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে লুকিয়ে পাচারের সময় ৭ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১

২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্র ক্যাডার দেশের প্রথম লিঙ্গের বিসিএস কর্মকর্তা হলেন ওয়ালিদ ইসলাম

৪

কানাডায় স্থায়ী বসবাসের বড় সুযোগ, যাদের মিলছে অগ্রাধিকার

৫

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল খালেক মন্ডল

৬

পাবনায় হাট ইজারাদারসহ দুজনকে গুলি করে হত্যা

৭

কক্সবাজার সোসাইটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী হয়েছেন

৯

চট্টগ্রাম হবে সব ধর্মের মানুষের নিরাপদ ও সম্প্রীতির নগরী চসিক মেয়র

১০

স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই

১১

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

১২

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

১৩

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

১৫

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

১৬

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

১৭

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

১৮

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

১৯

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

২০

Design & Developed by BD IT HOST