
মো:নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং বিদ্যমান সমস্যা নিরসনে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) স্বাস্থ্য উপ-কমিটির উদ্যোগে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ মার্চ ২০২৬ তারিখে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী।
সভায় হাসপাতালের বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে ডা. রতন কুমার ঢালী জানান যে, তীব্র জনবল সংকটের মধ্যেও হাসপাতালের সেবা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। পরিচ্ছন্নতা কর্মীর স্বল্পতা সত্ত্বেও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, তবে অতিরিক্ত রোগীর চাপের কারণে বার্ষিক বরাদ্দ দিয়ে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা অনেক ক্ষেত্রে জটিল হয়ে পড়ছে। তিনি রোগীদের অসচেতনতা ও অসহযোগিতাকে সেবার মান ব্যাহত হওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন এবং জনসচেতনতা বৃদ্ধিতে এসিজি-র ভূমিকার প্রশংসা করেন। এছাড়া হাসপাতালের অবকাঠামোগত সমস্যার কথা উল্লেখ করে তিনি জানান, পুরনো এসির কারণে প্রায়ই অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হচ্ছে এবং বরাদ্দকৃত দুটি অ্যাম্বুলেন্সের একটি অকেজো ও অন্যটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে পুলিশ প্রশাসনের সহায়তায় একাধিক অভিযান চালানো হলেও সমস্যার স্থায়ী সমাধান এখনো মেলেনি বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন।
মতবিনিময় সভায় এসিজি-স্বাস্থ্য এর সমন্বয়ক শামীম আহমেদ স্থানীয়দের সম্পৃক্ত করে দালাল নির্মূল কমিটি গঠনের প্রস্তাব দেন। হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোঃ শাখাওয়াত হোসেন স্বাস্থ্যসেবা স্বাভাবিক রাখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীদের সেবা গ্রহণের আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ আরজু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. গোপা পাল ও ডা. মো. সোহেল রানা। সভায় বক্তারা হাসপাতালের সামগ্রিক পরিবেশ রক্ষায় রোগীদের সচেতন হওয়ার আহ্বান জানান। টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় সভায় সনাকের সহ-সভাপতিবৃন্দ ও ইয়েস সদস্যরা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST