
নিজস্ব প্রতিবেদক, জামালপুর:জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আর্থিক লেনদেনের আলোচনার সময় তিন প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)।শুক্রবার জামালপুর পুলিশ লাইনস মাঠে চলমান নিয়োগ কার্যক্রম চলাকালে পুলিশ লাইনস গেটের বাইরে এই অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর সদর উপজেলার গোপালপুর কেন্দুয়া কালীবাড়ি এলাকার একরামুল হকের ছেলে ও চাকরিপ্রার্থী গোলাম নবী রাকিবের সঙ্গে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে একটি চক্র আর্থিক লেনদেনের বিষয়ে আলোচনা করছিল। গোপন সূত্রে বিষয়টি জানতে পেরে জামালপুর ডিবি-১-এর অফিসার ইনচার্জ মো. শাহিনুর ইসলাম তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করে।আটককৃতরা হলেন—টাঙ্গাইলের ভূঞাপুর থানার বামনহাটা গ্রামের মৃত জব্বার শেখের ছেলে মো. আব্দুল মান্নান (৬৫), জামালপুর সদর উপজেলার গোপালপুর এলাকার মৃত মনি মণ্ডলের ছেলে নূর মোহাম্মদ এবং সরিষাবাড়ী উপজেলার চুনিয়া পটল গ্রামের ইদ্রিস শেখের ছেলে মো. সামিউল ইসলাম।জেলা পুলিশ জানিয়েছে, পুলিশে কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় কেবল যোগ্যতা ও মেধার ভিত্তিতে সম্পন্ন হয়। এখানে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। চাকরির নামে টাকা দেওয়া ও নেওয়া—উভয়ই আইনত দণ্ডনীয় অপরাধ। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কেউ অর্থ দাবি করলে প্রতারকদের ফাঁদে পা না দিয়ে অবিলম্বে নিকটস্থ থানা বা জেলা পুলিশ কার্যালয়কে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST