নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জৈন্তা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের চরম অবহেলা ও ভুল চিকিৎসায় এক নবজাতকের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ডেলিভারির সময় ভুল সেলাইয়ের কারণে প্রসূতি মা চিরতরে স্বাভাবিকভাবে সন্তান জন্মদানের ক্ষমতা হারিয়েছেন। অভিযুক্ত ওই চিকিৎসকের নাম ডা. লিমা।
ভুক্তভোগীর স্বামী হারুন আহমেদ জানান, গত ২৫ জানুয়ারি (২০২৬) সন্তান প্রসবের জন্য তিনি তার স্ত্রী মাছুরা বেগম’কে জৈন্তা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করান। সেখানে ডা. লিমার তত্ত্বাবধানে স্বাভাবিকভাবে (নরমাল ডেলিভারি) একটি কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অপারেশন থিয়েটারে (ওটি) নবজাতকের মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, নরমাল ডেলিভারির সময় প্রসূতির যৌনাঙ্গ অপ্রয়োজনীয় ভাবে অতিরিক্ত কাটা হয় এবং সেখানে অসংখ্য সেলাই দেওয়া হয়।
পরে রুগী মাছুরা বেগম হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর, শরীরে শুরু হয় অসহ্য যন্ত্রণা। অবস্থা খারাপ হতে থাকলে তাকে পুনরায় সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা এগুলোকে ‘স্বাভাবিক ব্যথা’ বলে দাবি করেন এবং কিছু ওষুধ দিয়ে রোগীকে বিদায় করে দেন। এভাবেই তীব্র যন্ত্রণার মধ্য দিয়ে পার হয় দীর্ঘ তিন মাস।
পরে স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি দেখে হারুন আহমেদ তাকে সিলেটের একজন প্রখ্যাত গাইনি বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর বেরিয়ে আসে পূর্ববর্তী চিকিৎসার ভয়াবহ গাফিলতির চিত্র। বিশেষজ্ঞ চিকিৎসক জানান, নরমাল ডেলিভারির পর অত্যন্ত অবৈজ্ঞানিক ও ভুলভাবে সেলাই দেওয়া হয়েছে। প্রসূতির মাসিকের রাস্তা, প্রস্রাবের রাস্তা এবং সেনসিটিভ টিস্যু সম্পূর্ণ একসঙ্গে সেলাই করে দেওয়া হয়েছে, যার কারণেই রোগীর এই অবর্ণনীয় কষ্ট।
এসময় সিলেটের ওই গাইনি বিশেষজ্ঞ জানান, এই মারাত্মক ত্রুটি সংশোধনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি অস্ত্রোপচারের প্রয়োজন। তিনি আরও জানান, এই ভুল চিকিৎসার কারণে ভুক্তভোগী নারী ভবিষ্যতে আর কখনোই স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে পারবেন না, তাকে আজীবন সিজারিয়ান পদ্ধতির ওপরই নির্ভর করতে হবে।
অবশেষে চিকিৎসকের পরামর্শে গত ৫ জুলাই (২০২৬) সিলেটের ইবনে সিনা হাসপাতালে ভুক্তভোগী মাছুরা বেগমের জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
সুএে আরও জানা যায়,চিকিৎসকের এমন চরম অবহেলা ও ভুল চিকিৎসার কারণে ভুক্তভোগী পরিবার আর্থিকভাবে নিঃস্ব হওয়ার পাশাপাশি চরম মানসিক ট্রমার শিকার হয়েছেন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST