
জেলা প্রতিনিধিঃমানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার পুরোনো একটি সড়ক পুনরুদ্ধারের দাবিতে পাঁচ ঘণ্টা ধরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন গোলড়া গ্রামের বাসিন্দারা। এতে মহাসড়কের দুই পাশে ১০ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের দেখা দিয়েছে।আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে গোলড়া গ্রামের শতশত মানুষ সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করেন।সড়ক অবরোধ করা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের পুরোনো একটি সড়ক বন্ধ করে দিয়েছে তারাসিমা অ্যাপারেলস ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড নামের দুটি কোম্পানি। প্রায় শত বছরের পুরোনো সড়ক বন্ধ হওয়ায় তাদের চলাচলে বেশ সমস্যা হচ্ছে।এর জেরে সড়ক পুনরুদ্ধারের দাবিতে ধানকোড়া ইউনিয়নে তারাসীমা অ্যাপারেলস লিমিটেড ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের গেট-সংলগ্ন মহাসড়কে অবস্থান নেয় গ্রামবাসী। দুই কোম্পানির প্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও অবরোধকারীদের প্রতিনিধিদের মধ্যে দফায় দফায় আলোচনা চলছে।মহাসড়ক অবরোধকারীদের দাবি, আওয়ামী লীগের নেতা-কর্মীদের টাকা দিয়ে সড়কে রাতারাতি পাকা দেয়াল তুলে দেয় কোম্পানি দুটির লোকজন। অবরোধকারীরা বলছেন, কোম্পানির প্রতিনিধিরা পুলিশ ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে তাদের সরানোর চেষ্টা করছেন। কিন্তু যতক্ষণ না সড়ক খুলে দেওয়া হবে, ততক্ষণ তারা মহাসড়ক ছাড়বেন না।সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, বেলা সোয়া ১১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কে গোলড়া গ্রামের মানুষ মহাসড়কে অবস্থান নিয়েছে। এতে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। দুই পক্ষের সঙ্গেই আলোচনা চলছে। আশা করি বিষয়টি দ্রুত সমাধান হবে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST