
কামাল মিয়া,বিয়ানীবাজার,সিলেটঃ
কমলা-আনারসের জন্য বিখ্যাত সিলেটের বিয়ানীবাজার উপজেলার বৃহত্তর জলঢুপ এলাকায় বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে রাম্বুটান ফল। অনুকূল আবহাওয়া ও মাটির বৈশিষ্ট্য কাজে লাগিয়ে বিদেশি সুস্বাদু ও পুষ্টিগুণে সমৃদ্ধ রাম্বুটান ফল এতদঞ্চলে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। শখের বশে শুরু হলেও এই ফলের উচ্চ বাজারমূল্য ও ব্যাপক চাহিদা দেখে অনেকেই এখন বাণিজ্যিকভাবে রাম্বুটান চাষে আগ্রহী হচ্ছেন। এমনই একজন উদ্যোক্তা হচ্ছে উপজেলার জলঢুপ পাটুলি গ্রামের শৌখিন চাষী ফয়জুর রহমান।
তার বাগানের ৭০টির বেশিও গাছে এবার বাম্পার ফলন এসেছে। দেশে-বিদেশে বিপুল চাহিদা থাকায় রাম্বুটান চাষ করে সমৃদ্ধির স্বপ্ন দেখছেন ফয়জুর রহমানের মতো স্থানীয় এলাকার অনেক চাষী। রাম্বুটান ফল দেখতে অনেকটা লিচু ও ড্রাগন ফলের মতো।
ফলের পাশাপাশি ওষুধি গাছ হিসেবেও এটি পরিচিত। এটি খেতে খুবই মিষ্টি ও সুস্বাদু। আগের মতো উৎপাদন না থাকলেও জলঢুপ এলাকা কমলা-আনারসের জন্য দেশজুড়ে বিখ্যাত। সেই তালিকায় এবার যুক্ত হবার সম্ভাবনা বাড়াচ্ছে বিদেশি ফল রাম্বুটান। রাম্বুটান চাষ করে সমগ্র দেশজুড়ে এ অঞ্চলের পরিচিত আরও বাড়াতে চান চাষী ফয়জুর রহমান।
ফয়জুর রহমান জানান, ইন্দোনেশিয়া ভ্রমণ শেষে দেশে ফেরার সময় শখ করে নিয়ে এসেছিলেন রাম্বুটানের চারা। সেই একটি চারা থেকেই বর্তমানে তিনি সিলেট বিভাগের মধ্যে সর্ববৃহৎ ব্যাণিজিক রাম্বুটান ফল বাগানের মালিক। এখন তার বাগানে রয়েছে পরিপক্ক শতাধিক চারা, তন্মধ্যে এ মৌসুমে ৭০টিরও অধিক চারায় ফলন এসেছে। জানা গেছে, জলঢুপ এলাকায় ২০১০ সালে প্রথম রাম্বুটানের চারা রোপণ করেন ফয়জুর রহমান। ৪ বছর পর তার চারায় প্রথম ফলন আসে। সেই থেকে আর পেছনে ফিরে থাকাতে হয়নি তাকে। উচ্চমূল্য সম্পন্ন রাম্বুটান বিক্রি করে প্রতি সিজনে ভালো টাকা আয় হয় তার। বর্তমানে তার বাগান থেকে উৎপাদিত রাম্বুটান দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে, যেখানে বাজার দর কেজিপ্রতি ১ হাজার থেকে ১২শ’ টাকা পর্যন্ত।
জলঢুপের মাটি রাম্বুটান চাষের জন্য বেশ উপযোগী জানিয়ে ফয়জুর রহমান জানান, রাম্বুটান চারা রোপণের পর পরিচর্যা ও খরচ দুটোই কম, তবে খরা মৌসুমে প্রয়োজন ভেদে নিয়মিত সেচ দিতে হয়। শুধু ফল নয়, তার বাগান থেকেই উৎপাদিত চারা সংগ্রহ করছেন আগ্রহী কৃষক ও উদ্যোক্তারা। রাম্বুটানের প্রতি ভোক্তাদের আগ্রহ দিন দিন বাড়ছে। দেখতে অনেকটা লিচুর মতো হলেও এর লোমশ খোসা ও ভিন্ন স্বাদের কারণে এই বিদেশি ফল এখন বাংলাদেশের মাটিতেও জনপ্রিয় হয়ে উঠছে। মূলত মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় চাষ হওয়া রাম্বুটান ফল এখন বাংলাদেশের কৃষি খাতে সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিচ্ছে। স্থানীয় যুবকদের মধ্যে ইতোমধ্যে এই বাগান ব্যাপক সাড়া ফেলেছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST