
মোঃ রাসেল রানা,জামালপুরঃ
জামালপুর শহরের ফৌজদারি চত্ত্বর কৃষি বাজারের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাজার বন্ধ রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। রোববার (সকাল) বাজার কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা যায়, শহরের ফৌজদারি চত্ত্বরে নাওভাঙা মৌজায় পুরাতন ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা জমি ও শহর রক্ষা বাঁধের ওপর দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে এই কৃষি বাজার। ব্যবসায়ীদের দাবি, বাজারের জমি খাস খতিয়ানভুক্ত হলেও স্থানীয় পাথালিয়া গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র জাহাঙ্গীর আলম শনিবার সেখানে একটি শেডঘর উত্তোলন করেন। এতে বাজারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনার প্রতিবাদে রোববার সকালে বাজার কমিটির সভাপতি নুর ইসলামের নেতৃত্বে ব্যবসায়ীরা সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা অবৈধভাবে নির্মিত শেডঘরটি উচ্ছেদসহ বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, ক্রয়সূত্রে তারা প্রায় ২ একর ৯ শতক জমির মালিক। জমিটি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হওয়ায় তারা আদালতের শরণাপন্ন হন। ২০২২ সালের ১২ জুন জামালপুর যুগ্ম জেলা জজ প্রথম আদালত তাদের পক্ষে ডিগ্রী প্রদান করেছেন বলে দাবি করেন তিনি। এছাড়াও ওই বাজারে আগে থেকেই তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে উল্লেখ করে বাজার কমিটির অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন জাহাঙ্গীর আলম।
অন্যদিকে, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ এই কৃষি বাজারটির কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী। তারা জানান, দ্রুত সুষ্ঠু সমাধান না হলে বাজার ও সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST