

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, ১৯৮৮ সালে বগুড়ার গাবতলীতে তৃণমূল পর্যায় থেকে রাজনীতি শুরু করা তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্রক্ষমতায় আসীন। ত্যাগী ও পরীক্ষিত এই নেতৃত্বের হাতেই বাংলাদেশ নিরাপদ বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা নগরীর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের ছোটপুল এলাকার বায়তুল জান্নাত জামে মসজিদে ডবলমুরিং থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম জন্মদিন।
বক্তব্যে ডা. শাহাদাত হোসেন তারেক রহমানের রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে বলেন, ২০০৭ সালে কারাবরণ ও শারীরিক নির্যাতনের পর দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন কাটালেও তিনি দমে যাননি। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলকে ঐক্যবদ্ধ রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেন। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর তার স্বদেশ প্রত্যাবর্তন এবং চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ দেশের রাজনীতির এক ঐতিহাসিক মুহূর্ত বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে ডবলমুরিং থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. সেকান্দর, মহানগর বিএনপির সাবেক সদস্য হাজী আবদুল মাবুদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান রুবেল, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জামাল উদ্দিন, থানা যুবদলের সদস্য সচিব তাজুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST