রংপুর প্রতিনিধিঃ
প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে রংপুরের পীরগঞ্জে এক তরুণীকে বিয়ে করেছেন ২৯ বছর বয়সী এক চীনা যুবক। বিয়ের আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন আয়ান ইসলাম। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আয়ান ইসলামের আগের নাম ঝাওহুইয়ান। তাঁর বাড়ি চীনের সিচুয়ান প্রদেশের পিংচাং কাউন্টির ইয়াঙ্কু টাউনশিপের তুবা গ্রামে। আর নববধূ আবিদা সুলতানার বাড়ি পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ঝাওহুইয়ানের সঙ্গে আবিদার পরিচয় হয়। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী, গত ২৫ আগস্ট ভোরে তিনি বাংলাদেশে আসেন এবং ঢাকায় পৌঁছে বাসে করে রংপুরে যান। পরবর্তীতে পীরগঞ্জে গিয়ে আবিদার সঙ্গে দেখা করেন তিনি।
উভয় পরিবারের সদস্যদের বিষয়টি জানানোর পর তাঁদের সম্মতিতে বিয়ের প্রক্রিয়া শুরু হয়। গত ৯ সেপ্টেম্বর রংপুরে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তাঁর নাম রাখা হয় আয়ান ইসলাম। এর পরদিন বৃহস্পতিবার রাতে পারিবারিকভাবে দুই পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
শানেরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাশেদুল ইসলাম জানান, তাঁদের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল এবং উভয় পরিবারের সম্মতিতে এই বিয়ে সম্পন্ন হয়েছে। সুদূর চীন থেকে এক যুবক এসে পীরগঞ্জে বিয়ে করায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। নবদম্পতিকে এক নজর দেখতে তাঁদের বাড়িতে ভিড় জমাচ্ছেন আশপাশের এলাকার মানুষ।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST