নিজস্ব প্রতিবেদক, ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৭৫.৬ গ্রাম (৪০.৭৮ ভরি) চোরাচালানের স্বর্ণালংকারসহ দুই ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বাহির গেট থেকে তাদের আটক করা হয়।আটককৃত ব্যক্তিরা হলেন—খায়রুল হাসান আকন (২৯) এবং শেখ আরিফুল ইসলাম (৪৬)।
এপিবিএন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বিমানবন্দরের কার পার্কিং এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই দুই ব্যক্তি। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালানোর চেষ্টা করলে এপিবিএন সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে সর্বমোট ৪৭৫.৬ গ্রাম ২১ ক্যারেটের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লক্ষ ৬২ হাজার ৪০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা জানান, উদ্ধারকৃত স্বর্ণালংকারসমূহ বিভিন্ন দেশ থেকে আসা অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশে আনা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দর কেন্দ্রিক স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, “বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই সক্রিয় ভূমিকা পালন করছে। স্বর্ণ ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে আমরা বদ্ধপরিকর এবং আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ ঘটনায় শুল্ক ও রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ এনে হেফাজতে রাখার অপরাধে আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর (১)(বি)/২৫-ডি ধারায় বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST