
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা ছড়া পাথর কোয়ারীর লিজ বহির্ভূত এলাকা থেকে প্রায় ৯৪ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অবৈধ উপায়ে পাথর উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়।
১৩ জুলাই, সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোম্পানীগঞ্জ সীমান্ত সংলগ্ন উৎমা ছড়া পাথর কোয়ারীর বনপুর, আদর্শ গ্রাম এবং মাঝেরগাঁও বিজয়পাড়ুয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বনপুর ও আদর্শ গ্রাম থেকে ৯৩ হাজার ৭৯০ ঘনফুট এবং মাঝেরগাঁও বিজয়পাড়ুয়া থেকে ৬০০ ঘনফুটসহ মোট ৯৪ হাজার ৩৯০ ঘনফুট পাথর জব্দ করা হয়।
অভিযানের বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান বলেন, “অবৈধভাবে উত্তোলন করা এসব পাথর সরকারি নিয়ম অনুযায়ী নিলামে বিক্রি করা হবে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।” তিনি আরও জানান, পরিবেশ ও খনিজ সম্পদ রক্ষায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জব্দকৃত পাথরগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যদের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো বিক্রি করা হবে।
অভিযান পরিচালনাকালে স্থানীয় উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন। প্রশাসনের এই কঠোর অবস্থানে স্থানীয় জনমহলে স্বস্তি দেখা দিয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST