
রাষ্ট্র তোমার পাশে, সযত্নে গড়বো দেশ একসাথে; সমাজ মানে আমি, রাষ্ট্র মানে আমরা’—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ’ অনুষ্ঠান।
শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন হলে এ আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর। শতাধিক যুবক-যুবতী, নারী-পুরুষের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত করা হয় কেন্দ্রীয় শপথ পাঠের আয়োজনকেও।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, কিসমতগনকৈড় ইউনিয়নের প্রশাসক এম.এ মতিন, ঝালুকা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাজেনা বিবি, থানার এসআই শাহজাহান আলী, স্থানীয় সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের এক পর্যায়ে উপজেলার ১২ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের বিমুগ্ধ করা হয়।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST