
রাজশাহীর দুর্গাপুরে অনাবাদি ও পতিত জমিকে চাষের আওতায় এনে পারিবারিক পুষ্টি নিশ্চিত করতে ২০ জন কৃষকের মাঝে বিভিন্ন সবজির বীজ, গাছের চারা, জৈব সার, ভার্মি কম্পোস্ট, নেট, ঝাঁজরি ও বীজ সংরক্ষণের কৌটা বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ‘পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্প (২য় সংশোধিত)’–এর আওতায় এ উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তৌহিদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
উপকারভোগী কৃষাণী মোছাঃ তাহমিনা আক্তার বলেন, “কৃষি অফিস থেকে পুষ্টি বাগান তৈরির জন্য সব ধরনের উপকরণ পেয়েছি। নিয়মিত পরামর্শও দিচ্ছেন। বাড়ির সামনে অনাবাদি জমি পরিষ্কার করে বাগান তৈরির কাজ শুরু করেছি। এতে পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত উৎপাদন বাজারেও বিক্রি করতে পারব।”
উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী বলেন, “প্রকল্পটির মাধ্যমে বসতবাড়ির আঙিনা থেকে শুরু করে পুকুর–খালপাড়, ছায়াযুক্ত স্থানসহ সব ধরনের অব্যবহৃত জমিতে সবজি ও ফল উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে। এতে একদিকে পুষ্টিহীনতা দূর হবে, অন্যদিকে খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে।”
তিনি আরও জানান, কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। কম শ্রম ও খরচে বাড়ির আঙিনায় উৎপাদিত শাক–সবজি পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত ফসল বিক্রি করে বাড়তি আয় করতেও সক্ষম হবেন উপকারভোগীরা।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST