
মো: আতাউর রহমান মেলান্দহ:
জামালপুরের মেলান্দহ উপজেলার প্রবীণ ব্যক্তিত্ব এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আকন্দ আর নেই। আজ শুক্রবার (১৩ মার্চ, ২০২৬) জুমার নামাজের পর দুপুর ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ভাই, দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ভাইদের মধ্যে সবার বড় ছিলেন।
জানাজা শুরুর আগে মেলান্দহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি মরহুম বীর মুক্তিযোদ্ধার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় মেলান্দহ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে মরহুমকে রাষ্ট্রীয় সালাম জানায়।
জানাজায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা, অ্যাডভোকেট ইসমত পাশা, মরহুমের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী দিলিপ হায়দার সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার সর্বস্তরের জনগণ।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আকন্দের মৃত্যুতে মেলান্দহে শোকের ছায়া নেমে এসেছে। জানাজা শেষে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST