
নিজস্ব প্রতিবেদক:
স্বপ্ন পূরণের আশায় দূর প্রবাস সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন বেলাল হোসেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রবাস জীবনেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। দীর্ঘ নয় মাস সৌদি আরবে চিকিৎসাধীন থেকেও সুস্থ হতে পারেননি তিনি। শেষ পর্যন্ত মরণব্যাধি হার্ট অ্যাটাকের কাছে হার মেনে, রিক্তহস্তে দেশে ফিরতে বাধ্য হন তিনি। বর্তমানে দুরারোগ্য ব্যাধি ও আর্থিক দৈন্যতায় মানবেতর জীবনযাপন করছেন এই প্রবাসী।
এমনই এক হৃদয়বিদারক ঘটনা যখন স্থানীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে, ঠিক তখনই অসহায় বেলালের পাশে এসে দাঁড়িয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
জানা গেছে, বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আনেন জামালপুর জেলার গন অধিকার পরিষদের সহসভাপতি আরিফুল ইসলাম তুহিন তার ব্যক্তিগত যোগাযোগে অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি আমলে নেন প্রবাসী কল্যাণ মন্ত্রী । তিনি অসহায় বেলালের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। প্রতিমন্ত্রীর এমন মানবিকতায় আশার আলো দেখছেন ভুক্তভোগী পরিবার।
এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে, গত ১৫ জুন ২০২৬ তারিখে বেলাল হোসেনের আর্থিক সহায়তার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। খুব দ্রুতই সরকারি তহবিল থেকে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রতিমন্ত্রীর দ্রুত পদক্ষেপ ও মানবিকতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করছেন, সরকারি এই সহায়তা বেলাল হোসেনকে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে এবং চিকিৎসার ব্যয়ভার মেটাতে সাহায্য করবে। অসহয়ায় বেলালের এই কঠিন সময়ে এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST