জামাল খান, ভোলা জেলা :
ভোলার মেঘনা নদীর তীরে বন্ধুদের নিয়ে আড্ডার আনন্দ মুহূর্তেই চরম ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। নদীভাঙন রোধে ফেলা জিওব্যাগ ধসে মেঘনায় তলিয়ে গেছেন বিজিবি সদস্য আমজাদ হোসেন (২৭) ও তার বন্ধু রাকিব আহমেদ (২২)। ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো সন্ধান মেলেনি। নিখোঁজদের ফিরে পাওয়ার আকুলতায় নদীর পাড় জুড়ে চলছে কান্নার রোল।
গত বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ‘গরিবের দুবাই’ খ্যাত বালুর মাঠ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পাঁচ বন্ধু মিলে মেঘনার তীরে বসানো জিওব্যাগের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই তীরের বিশাল অংশ জিওব্যাগসহ ধসে মেঘনার প্রবল স্রোতে তলিয়ে যায়। এ সময় পাঁচজনই নদীতে পড়ে যান। তাদের মধ্যে ফাহিম (২২), আব্দুল্লাহ (২৫) ও সাগর (২৫) কোনোমতে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আমজাদ ও রাকিব নদীর তীব্র স্রোতে তলিয়ে নিখোঁজ হন।
নিখোঁজ বিজিবি সদস্য আমজাদ হোসেন ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. ইব্রাহিম মিয়ার ছেলে এবং রাকিব আহমেদ শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাবুল হোসেনের ছেলে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর শিবপুর ইউনিয়নের মেঘনা পাড়ে ছুটে আসেন নিখোঁজদের স্বজন ও হাজারো স্থানীয় বাসিন্দা। স্বজনদের অশ্রুসিক্ত অপেক্ষা আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। অঝোরে কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছেন নিখোঁজ যুবকদের বাবা-মা।
খবর পাওয়ার পরপরই কোস্টগার্ড, নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। তবে স্থানীয়দের মতে, পর্যাপ্ত আধুনিক সরঞ্জাম ও বিশেষ ডুবুরি দলের ঘাটতির কারণে উদ্ধার কার্যক্রমে কিছুটা বেগ পেতে হচ্ছে। এছাড়া মেঘনার প্রবল স্রোত উদ্ধার কাজকে আরও জটিল করে তুলেছে।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোস্টগার্ড, নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসকে দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। উত্তাল মেঘনার পাড়ে অলৌকিক কিছুর আশায় এখনো বুক বেঁধে পথ চেয়ে আছেন স্বজনেরা।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST