
নিজস্ব দৌলতপুর (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সমেতপুর গ্রামে ১২ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণচেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সমেতপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জিসান (২৪) একই গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। ঘটনাটিকে কেন্দ্র করে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী শিশুর স্বজন ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে শিশুটি বাড়ির কাছেই হাঁটছিল। এ সময় জিসান তাকে গোপনে অনুসরণ করতে থাকে এবং সুযোগ বুঝে তার মুখ চেপে ধরে কাছের একটি পরিত্যক্ত বাড়িতে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিশুটি যেতে অস্বীকৃতি জানালে জিসান তাকে বেধড়ক মারধর ও আঘাত করে। আঘাতে শিশুটি গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে গেলে জিসান তাকে ধর্ষণের চেষ্টা চালায়।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে রক্ষা করেন তার মা। প্রত্যক্ষদর্শী মা বলেন, “মেয়েটির কান্নাকাটি ও চিৎকারের শব্দ শুনে আমি দৌড়ে গিয়ে দেখি আমার বাচ্চার মুখ চেপে ধরে মাটিতে ফেলে রাখা হয়েছে। আঘাতেই তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। আমাকে আসতে দেখেই বখাটে জিসান পালিয়ে যায়। সময়মতো না পৌঁছালে হয়তো মেয়েটাকে আর জীবিত পেতাম না।”
মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত জিসানকে আটক করার চেষ্টা করলেও সে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পরে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মারাত্মক আতঙ্কে রয়েছে। অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বজনরা দৌলতপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST