
নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঈদুল আজহার আনন্দ বিষাদে রূপ নিয়েছে। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রডবোঝাই ট্রাক উল্টে অন্তত ১৫ জন যাত্রী নিহত হয়েছেন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ।
আজ সোমবার ২৫ মে, ২০২৬ ভোরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা সবাই ঈদুল আজহা উপলক্ষে কম খরচে বাড়ি ফিরতে পণ্যবাহী ট্রাকে চড়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।
এলেঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী রডবোঝাই একটি ট্রাক আজ ভোর ৫ টা ৩০ এর দিকে কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশে গভীর খাদে উল্টে যায়। ট্রাকে থাকা ভারী রডের ওপরে বসে যাএা করছিলেন। ট্রাকটি উল্টে যাওয়ায় রডের নিচে চাপা পড়েন তারা। ফলে ঘটনাস্থলেই ১৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় রডের নিচে চাপা পড়া মরদেহ এবং আহতদের উদ্ধার করে।
গুরুতর আহত অন্তত ৬ জনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর হাসপাতালে স্বজনদের হাহাকারে ভারী হয়ে উঠেছে বাতাস।
দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি প্রশাসন।তবে পুলিশ জানিয়েছে,নিহতরা সবাই দিনমজুর বা নিম্ন আয়ের মানুষ। কোরবানির ঈদে যাতায়াত খরচ বাঁচাতে তারা জীবনের ঝুঁকি নিয়ে পণ্যবাহী ট্রাকে চড়েছিলেন মরদেহ গুলো বর্তমানে ময়নাতদন্ত এবং পরিচয় শনাক্তকরণের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এই দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তরবঙ্গমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল পুরোপুরি বিঘ্নিত হয়। পরে হাইওয়ে পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা রড মহাসড়ক থেকে সরিয়ে নিলে সকালের দিকে যান চলাচল আবার স্বাভাবিক হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং চালক ও হেলপারকে খোঁজা হচ্ছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST