নিজস্ব প্রতিবেদক | জাফলং (সিলেট):
সিলেটের জনপ্রিয় পর্যটন ও সীমান্তবর্তী এলাকা পৃর্ব জাফলংয়ে পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বিচারে পাহাড় কাটার অভিযোগ উঠেছে। প্রতিদিন শত শত ট্রাক মাটি কেটে বিক্রি করার মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। এতে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, অন্যদিকে মারাত্মক হুমকির মুখে পড়েছে স্থানীয় খাসিয়া পুঞ্জি ও আশপাশের জনবসতি।
স্থানীয় সূত্রে জানা গেছে,পুর্ব জাফলংয়ের বল্লাঘাট এলাকার খাসিয়া পুঞ্জির উত্তর পাশে অবস্থিত সোনা দেলোয়ারের মালিকানাধীন জমির পাহাড় কেটে এই অবৈধ কার্যক্রম চালানো হচ্ছে। প্রতিদিন বড় বড় এসকাভেটর (ফেলোডার) ব্যবহার করে পাহাড় কাটা হচ্ছে এবং সেখান থেকে শত শত ট্রাক মাটি বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে।
”পরিবেশ ধ্বংস করে প্রতিদিন যেভাবে পাহাড় কাটা হচ্ছে, তাতে মনে হচ্ছে দেখার কেউ নেই। অথচ এর ফলে স্থানীয় পরিবেশ ও ভূপ্রকৃতিতে অপূরণীয় ক্ষতি সাধিত হচ্ছে।”
অনুসন্ধানে জানা যায়, এই পুরো অবৈধ কার্যক্রম পরিচালনা করছে একটি প্রভাবশালী চক্র। এই সিন্ডিকেটের মূল নেতৃত্বে রয়েছেন নুরুজ্জামান ও জয়নাল নামের দুই ব্যক্তি। স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের চোখের সামনেই তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসলেও রহস্যজনক কারণে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ বিষয়ে অবৈধ পাহাড় কেটে মাটি বিক্রি হচ্ছে মর্মে তার বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে মোবাইল ফোনে (01711****36) কল করা হলে সে ফোন বার বার কেটে দেয় বিধায় তার বক্তব্য নেওয়া যায়নি।
ফলে এভবে নির্বিচারে পাহাড় কাটার ফলে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি যেকোনো সময় বড় ধরনের ভূমিধসের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। পাহাড় ও পরিবেশ রক্ষায় জরুরি ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
সচেতন মহল ও স্থানীয় জনসাধারণ অবিলম্বে এই অবৈধ সিন্ডিকেটের মূল হোতাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST