
জেলা প্রতিনিধিঃ
মাদারীপুর রাজৈর উপজেলা টেকেরহাট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (FSIBL)-এর টেকেরহাট (মাদারীপুর) শাখায় কর্মীদের মাসিক বেতন (স্যালারি) থেকে বাধ্যতামূলক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা ও মিশ্র প্রতিক্রিয়ার ঝড় ওঠে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ব্যাংকের ওই শাখায় কর্মীদের বেতন বিতরণের সময় ‘চাঁদা’ বা ‘ফান্ড’-এর নামে অর্থ সংগ্রহ করা হচ্ছে। ভিডিওতে একজন প্রতিবাদী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে এই প্রক্রিয়ার বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায়। তিনি উচ্চকণ্ঠে প্রশ্ন তোলেন, “আমার টাকা! দিবেন আপনি! আপনি আইন লঙ্ঘন করেছেন।” এই উক্তি থেকে স্পষ্ট হয় যে, কর্মীদের অনুমতি বা ইচ্ছার তোয়াক্কা না করেই তাদের বেতনের একটি অংশ কেটে নেওয়া হচ্ছে।
কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রতি মাসে স্যালারি আসার পরই একটি নির্দিষ্ট চাঁদা বাধ্যতামূলকভাবে কর্মীদের কাছ থেকে আদায় করা হয়। এছাড়াও, নিয়মিত অন্যান্য চাঁদা বা ফান্ডের জন্য অর্থ সংগ্রহ তো আছেই। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, এই চাঁদা দেওয়া উক্ত শাখার সকল কর্মীর জন্য একপ্রকার বাধ্যতামূলক বিধিতে পরিণত হয়েছিল।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাংকিং খাতে কর্মরত ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে কর্মচারীদের ওপর আর্থিক চাপ সৃষ্টি এবং অনৈতিক কার্যকলাপ হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানাচ্ছেন।
এ বিষয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের বা টেকেরহাট শাখা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে এবং দ্রুত এর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST