
Sarasrগাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সাফারি পার্কে ২০ দিনের ব্যবধানে নীলগাইয়ের দুটি শাবকের জন্ম হয়েছে।
মায়েদের সঙ্গে ঘুরে বেড়িয়ে সময় কাটানো এই শাবক দুটি এখন দর্শনার্থীদের বাড়তি আকর্ষণে পরিণত হয়েছে।পার্ক কর্তৃপক্ষ বলছে, বিলুপ্তপ্রায় এই প্রজাতির সংখ্যা বৃদ্ধি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।
পার্ক সূত্র জানায়, সম্প্রতি কোর সাফারি অঞ্চলে জন্ম নেয় দুটি শাবক। প্রথমটি ৮ সেপ্টেম্বর এবং দ্বিতীয়টি ২৮ সেপ্টেম্বর জন্ম নেয়।সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান বলেন, “৮ সেপ্টেম্বর দায়িত্বে থাকা কর্মীরা প্রথম শাবকটি দেখতে পান। পরে ২৮ সেপ্টেম্বর প্রাণীদের খাবার দেওয়ার সময় আরো একটি শাবক দেখা যায়। নিরাপত্তার কারণে বিষয়টি প্রকাশ করা হয়নি।”
তিনি বলেন, “শাবক দুটি সম্পূর্ণ সুস্থ এবং তাদের মায়েদের সঙ্গে মুক্তভাবে বিচরণ করছে। মাঝে মাঝে শাবক দুটিকে একসঙ্গে খেলতে দেখা যায়, যা দর্শনার্থীদের কাছে দারুণ আনন্দের এক দৃশ্য। বিশেষ করে শিশুরা ছোট নীলগাইয়ের দৌড়ঝাঁপ উপভোগ করছে ভীষণভাবে।”
সদ্য জন্ম নেওয়া দুটি শাবকসহ এই পার্কে নীলগাইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১১টিতে। তবে, এখনো শাবক দুটির লিঙ্গ নির্ধারণ করা যায়নি।
সাফারি পার্কের কর্মকর্তা বলেন, বিলুপ্তপ্রায় নীলগাই উপমহাদেশে ভারতে দেখা গেছে। গাজীপুর সাফারি পার্কে থাকা নীলগাইও ভারত থেকেই বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। পরবর্তীতে সাফারি পার্কেই স্থান পেয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST