মোঃ ইমরুল আহসান, ময়মনসিংহ থেকেঃ
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলে চলবে না, মেধা, মনন, মানসিকতার বিকাশ এবং উন্নত চরিত্র গঠনের মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষাই জীবন প্রতিষ্ঠার প্রধান ভিত্তি। তাই শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের, পরিবার ও সমাজের মুখ উজ্জ্বল করতে হবে।
আজ (২৮ সেপ্টেম্বর) সোমবার নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, আদর্শ বিদ্যানিকেতন নামটির মধ্যেই একটি সুন্দর বার্তা রয়েছে। ‘আদর্শ’ ও ‘বিদ্যানিকেতন’ এই নামের মর্যাদা রক্ষা করে শিক্ষার্থীদের আদর্শ ও সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বলেন, দুর্গাপুর ও কলমাকান্দা দীর্ঘদিন ধরে অবহেলিত জনপদ। এ অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। এসব সমস্যা সমাধানে সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণের পর দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নকাজের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগ বিবেচনায় বিদ্যালয়ের সামনের রাস্তাটি উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার চেষ্টা অব্যাহত থাকবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, একজন শিক্ষার্থীর জীবনে বিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ভালো ফলাফল উচ্চশিক্ষার পথকে সহজ করে। তাই সময়ের সদ্ব্যবহার করে নিয়মিত পড়াশোনা করতে হবে। অভিভাবকরা নানা প্রতিকূলতার মধ্যেও সন্তানদের শিক্ষিত করার জন্য যে ত্যাগ স্বীকার করেন, শিক্ষার্থীদের তা উপলব্ধি করতে হবে।
তিনি বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সন্তানরাও অধ্যবসায়, পরিশ্রম ও মনোযোগের মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। পড়াশোনার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে।
ডেপুটি স্পিকার শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো পরিবারের সদস্য বা স্বজন মাদকের সঙ্গে জড়িয়ে থাকলে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উৎসাহিত করতে হবে। প্রত্যেক মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই মর্যাদা অক্ষুণ্ন রাখতে সৎ, মানবিক ও দায়িত্বশীল জীবনযাপন করতে হবে।
বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রকৌশলীদের পরামর্শ নিয়ে বিদ্যালয়ের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহের সমস্যা কমাতে সোলার প্যানেল স্থাপনের বিষয়েও ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতার চেষ্টা করা হবে।
তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আজকের দিন থেকেই নতুনভাবে নিজেদের গড়ে তোলার প্রত্যয় নিতে হবে। ভালো মানুষ, শিক্ষিত মানুষ ও সৎ মানুষ হওয়ার পাশাপাশি এমনভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে, যাতে পরিবার, সমাজ ও দেশ তোমাদের নিয়ে গর্ব করতে পারে।
দুর্গাপুর পৌরসভার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের এডহক কমিটির সভাপতি আইনুল হক বুলবুলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলু রহমান আনসারী । এছাড়াও মতবিনিময় সভায় অত্র বিদ্যানিকেতনের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল দুর্গাপুরে আত্রাখালী থেকে বেলতূলী ব্রিজ পর্যন্ত আরসিসি রাস্তার শুভথ উদ্বোধন করে উপজেলার ডিএসকে হাসপাতালের পাশে পরিছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST