
জামালপুর প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের ছয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ( গোপন)। মঙ্গলবার রাত ৮ টায় তিনি প্রতিটি পূজামণ্ডপে গিয়ে পূজা কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, সাজসজ্জা ও পূজার পরিবেশ ঘুরে দেখেন এবং পূজার সুষ্ঠু আয়োজনের জন্য সরকারি বরাদ্দকৃত অর্থ প্রতিটি পূজা কমিটির সভাপতির হাতে তুলে দেন।
প্যানেল চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পূজা যেন শান্তিপূর্ণভাবে, আনন্দঘন পরিবেশে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়—সে ব্যাপারে প্রশাসন ও জনপ্রতিনিধিরা সর্বদা সচেষ্ট।
তিনি আরও বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। এ দেশের মাটিতে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনে আবদ্ধ। দুর্গাপূজার এ মহোৎসব হবে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের উৎসব।”
পূজা কমিটির সভাপতি ও স্থানীয়রা সরকারি অনুদান পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ইটাইল ইউনিয়নের ছয়টি পূজামণ্ডপে এ বছর মহা ধুমধামের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা ঘিরে স্থানীয় প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST