অভিযোগ বার্তা ডেস্কঃ
নতুন বছরের শুরুতেই ভক্তদের চমকে দিচ্ছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। খবর ছড়িয়েছে, দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি।
মেকওভার আর্টিস্ট হিসেবে পরিচিত রোজা আহমেদের সঙ্গে তাহসান খান জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বলে জানা গেছে। কোনো ধরনের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই হঠাৎ করে এই সুখবর পাওয়ায় অনেকে বিস্মিত হয়েছেন।
শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান ও তার বাগদত্তা রোজা আহমেদের ঘরোয়া একটি আয়োজনের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে নেটিজেনদের মধ্যে উত্তেজনা ও ভালোবাসার ঢল নেমেছে। বিশেষ করে, রোজাকে তাহসানের পাশে দেখে ভক্তরা আপ্লুত ও আবেগে ভাসছেন। শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে। এমনও লিখেছেন কেউ কেউ, ‘অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান। তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল!
শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে তাহসান সংবাদমাধ্যমকে বললেন, ‘এখনো বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।
রোজা আহমেদ নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা করেছেন। স্নাতক শেষ করার পর তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন এবং নিউ ইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেন “রোজাস ব্রাইডাল মেকওভার।” রোজা একজন উদ্যমী ও সফল উদ্যোক্তা বলে জানা গেছে।
প্রায় ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছে রোজা আহমেদ। সামাজিক মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছেও জনপ্রিয়।তাহসান খান বাংলাদেশের বিনোদন শিল্পে গায়ক-গীতিকার, অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি কুড়িয়েছেন দীর্ঘদিন ধরে। কর্মজীবন শুরু করার আগে ব্ল্যাক ব্যান্ডের সঙ্গে তার সঙ্গীতযাত্রা শুরু করেছিলেন। এটি তার শাস্ত্রীয় এবং আধুনিক সঙ্গীতের অনন্য মিশ্রণের জন্য পরিচিত।
এর আগে প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যা সন্তান। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST