
মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
সম্প্রতি দেশের বিভিন্ন থানায় ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে পেশাদার ও দায়িত্বশীল গণমাধ্যমকর্মীরা তাদের পেশাগত মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা হারানোর ঝুঁকিতে পড়ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া শহরসহ দেশের বিভিন্ন এলাকায় কোনো ধরনের সাংবাদিকতা সংক্রান্ত শিক্ষাগত যোগ্যতা বা প্রশিক্ষণ ছাড়াই কিছু ব্যক্তি গলায় ভুয়া পরিচয়পত্র ঝুলিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছেন।
এদের অনেকেই কখনো কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেননি বলেও অভিযোগ রয়েছে। এই ভুয়া পরিচয়ের আড়ালে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়, ভয়ভীতি প্রদর্শন ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির মতো কর্মকাণ্ডে জড়িত হচ্ছে, যা প্রকৃত সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক। ফলে সাধারণ মানুষের কাছেও গণমাধ্যমের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
সচেতন মহল মনে করছে, অবিলম্বে এসব ভুয়া সাংবাদিককে সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে প্রকৃত সাংবাদিকদের জন্য একটি যাচাইযোগ্য ও স্বচ্ছ পরিচয়পদ্ধতি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST