মো:নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
১০ হাজার সদস্যের উপস্থিতিতে মুখরিত নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম।ব্রাহ্মণবাড়িয়ার কাউতলীস্থ নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম মাঠে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) এক বিশাল সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ জানুয়ারি সকালে অনুষ্ঠিত এই মহাসমাবেশে জেলার ৯টি উপজেলা থেকে আসা প্রায় ১০ হাজার সুশৃঙ্খল ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ, এনডিসি, পিএসসি।
এসময় প্রধান অতিথির বক্তব্য ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ বলেন, “গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার এক অতন্দ্র প্রহরী। তৃণমূল পর্যায়ে মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এই বাহিনীর সদস্যরা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন।” তিনি বাহিনীর সদস্যদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে তোলার আশ্বাস দেন।
সকাল থেকেই জেলার ৯টি উপজেলা— সদর, কসবা, আখাউড়া, সরাইল, আশুগঞ্জ, নাসিরনগর, নবীনগর, বাঞ্ছারামপুর ও বিজয়নগর থেকে হাজার হাজার ভিডিপি সদস্য নির্দিষ্ট পোশাকে স্টেডিয়ামে সমবেত হন। তাদের সুশৃঙ্খল পদচারণায় পুরো স্টেডিয়াম মাঠ এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রাম পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় ভিডিপি সদস্যদের ভূমিকা আরও জোরদার করা এবং বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির লক্ষ্যেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য কুচকাওয়াজ ও বিশেষ মহড়া প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শক ও অতিথিদের মুগ্ধ করে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST