
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকে সারা দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন মোট সাতটি ধাপে সম্পন্ন করার কথা জানিয়েছে কমিশন। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এই পরিকল্পনা তুলে ধরেন।
ঘোষিত সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নিয়ে প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর। পরবর্তীতে দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের সম্ভাব্য ভোটগ্রহণের তারিখ ২৭ মে নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বর্তমান আইনি কাঠামোর অধীনেই স্থানীয় সরকারের নির্বাচন পরিচালিত হবে, যদি না এর মধ্যে নতুন কোনো পরিবর্তন আসে। কমিশনার জানান, নির্বাচন আয়োজনের প্রক্রিয়া এগিয়ে চলছে এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে তফসিল প্রকাশ করা হবে। তবে সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে তফসিল ঘোষণা করা হবে কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, স্থানীয় সরকারের পাঁচ স্তরে বর্তমানে ১৩টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, প্রায় ৫০০টি উপজেলা এবং সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদের নির্বাচন বাকি রয়েছে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পরিষদের ভোট দিয়েই এই বৃহৎ নির্বাচনী কর্মযজ্ঞ শুরু হতে যাচ্ছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST