মোঃ সিয়াম সিকদার,বেড়া উপজেলা প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার অন্তর্গত কাজিরহাট স্পিডবোট ঘাট থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সোহেল রানা (শিহাব) নামের এক চাকরিচ্যুত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে আমিনপুর থানা পুলিশ।
২০ শে অক্টোবর, মঙ্গলবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল রানা আমিনপুর থানার ত্রিমোহনী গ্রামের আবু বক্করের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশে কর্মরত থাকা অবস্থায় ডোপ টেস্ট পজিটিভ আসায় তাঁকে চাকরিচ্যুত করা হয়েছিলো।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হুমায়ন কবীর জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মিজানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম কাজিরহাট স্পিডবোট ঘাটে অবস্থান নেয়। তথ্য অনুযায়ী, সন্দেহভাজন সোহেল রানা শিহাবকে জনসম্মুখে পথরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি নিজের কাছে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৮০০শত পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সোহেল রানা শিহাব নিজের মাদক ব্যবসার কথা স্বীকার করেছেন। একই সাথে আমিনপুর থানা এলাকায় মাদক চক্রের সাথে জড়িত বেশ কয়েকজনের নামও প্রকাশ করেছেন তিনি। শিহাব জানান, তিনি মূলত ছোট চালান বহন করতেন। তবে এই এলাকায় রাজনৈতিক ছত্র ছায়ায় অনেকে ৪০ থেকে ৫০ লাখ টাকার বড় বড় ইয়াবার চালান এনে নির্বিগ্নে ব্যবসা পরিচালনা করছে।
এ বিষয়ে আমিনপুর থানার অফিসার ইনচার্জ মো.হুমায়ন কবীর আরও বলেন, আটক আসামির জবানবন্দিতে মাদক ব্যবসার সাথে জড়িত অনেকের নাম ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই তথ্যের ভিত্তিতে আমাদের পরবর্তী অভিযান শুরু হয়েছে। অপরাধী বা মাদক ব্যবসায়ী যে দলেরই পরিচয় ধারী হোক না কেনো,কাউকে ছাড় দেওয়া হবে না। সবার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় আমিনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST