
নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সমালোচনার মুখে থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (আজ) বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নৈতিক স্খলনের দায়ে তাঁকে জামায়াতে ইসলামীর প্রাথমিক সদস্যপদসহ সব দলীয় পদ থেকে চিরতরে বহিষ্কার করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে তাঁকে এক তরুণীর সঙ্গে একটি কক্ষে ঘনিষ্ঠভাবে দেখা যায়, যা নিয়ে দেশজুড়ে এবং স্থানীয় রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এরই প্রেক্ষিতে বুধবার সকালে শ্যামনগরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে তাঁর বিচার ও অবাঞ্ছিত ঘোষণার দাবিতে এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় নিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জরুরি বৈঠক করে এই কঠোর সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST