স্টাফ রিপোর্টারঃ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশে অনিয়মিতভাবে অবস্থান করায় ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে আরও ৩৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাঁরা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ৬ জন রয়েছেন।
একাত্তর টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দর সূত্র ও ইমিগ্রেশন পুলিশ জানায়, ফেরত আসা এই অভিবাসীদের বিমানবন্দরে তাৎক্ষণিক জরুরি খাদ্য সহায়তা, প্রাক-পুনর্বাসন কাউন্সেলিং এবং নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য যাতায়াত খরচ প্রদান করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন এবং ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় সরকারি সহায়তার অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম তাঁদের এই সহায়তা প্রদান করে। এ সময় ইমিগ্রেশনের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জাতীয় গণমাধ্যমকে জানান, ফেরত আসা ব্যক্তিদের মানসিক ও সামাজিক সুরক্ষার জন্য বিমানবন্দরে প্রাথমিক কাউন্সেলিং দেওয়া হয়েছে। পরবর্তীতে সঠিক প্রশিক্ষণ ও দক্ষতার ওপর ভিত্তি করে তাঁদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে, যাতে তাঁরা দেশে নতুনভাবে জীবন শুরু করতে পারেন।
শরিফুল হাসান আরও যোগ করেন, ঝুঁকি নিয়ে অবৈধ ও বিপজ্জনক পথে ইউরোপে যাওয়া বন্ধ করতে দেশজুড়ে সচেতনতামূলক প্রচারণা চালুর পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ যাতে বাংলাদেশ থেকে আরও বেশি বৈধ কর্মী গ্রহণ করে, সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে অবৈধ বা অনিয়মিতভাবে বসবাসরত বাংলাদেশিদের প্রত্যাবাসনের লক্ষ্যে ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ (এসওপি) চুক্তি সই করে বাংলাদেশ সরকার।
ওই চুক্তির ধারাবাহিকতায় এ পর্যন্ত সাইপ্রাস, ইতালি, রোমানিয়া ও ফ্রান্সসহ বিভিন্ন ইউরোপীয় দেশ থেকে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST