
যথাযোগ্য মর্যাদা, ভাবগম্ভীরতা ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীর দুর্গাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস-২০২৫।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, দুর্গাপুর সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ ভবনসহ সকল সরকারি, আধা-সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দিবসের অন্যতম আকর্ষণ ছিল জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান। পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় একটি মনোজ্ঞ বিজয় মেলা। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনা। তিনি বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
দিনব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনা এর সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান ও একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম এর সঞ্চালনায় সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনেরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর উপজেলা শাখার আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টুসহ ছাত্রদল, যুবদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সকল বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকদের অংশগ্রহণে মহান বিজয় দিবসটি দুর্গাপুরে এক আনন্দঘন ও গৌরবময় পরিবেশে উদযাপিত হয়।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST