
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে রাতের আঁধারে ৮ দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চুরির ঘটনায় প্রায় ৫ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে জানা গেছে।
রোববার(২২জুন) দিবাগত রাতে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের পাঁচুবাড়ী ও শ্রীধরপুর বাজারে এই চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিকদের দাবি ৮টি দোকানের তালা ভেংগে ও সাটার কেটে প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা।
চুরি হওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে—মেসার্স বিসমিল্লাহ খাদ্য ভান্ডার, মেসার্স আবদুল্লাহ খাদ্য ভান্ডার, মেসার্স শাহিন স্টোর, মেসার্স মা বাবার দোয়া (সার ও কীটনাশক), সিনজেনটা কৃষি ঘর, মেসার্স মা-বাবার দোয়া ইলেকট্রনিক, এবং জাহাঙ্গীর স্টোর।
বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম দুঃখ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন থেকে এই বাজারে আমি ব্যবসা করে আসছি। এরকম ঘটনা আমার নজরে কখনো পড়েনি। চুরির ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক শাহজাহান মিঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের লিখিত অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST