
মানিকগন্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সমন্বয় সভায় ঘটে গেছে চাঞ্চল্যকর এক ঘটনা। এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা ওমর ফারুক ওরফে দাড়ি ওমর-এর মধ্যে তীব্র বাগবিতণ্ডা ও হট্টগোল সৃষ্টি হয়।
ঘটনাটি ঘটে আজ সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায়, মানিকগঞ্জ পৌর শহরের সিটি ড্রিম হোটেল মিলনায়তনে আয়োজিত এনসিপি সমন্বয় সভায়। এ সময় হঠাৎ সভাস্থলে প্রবেশ করে দাড়ি ওমর তীব্র সুরে সারজিস আলমকে প্রশ্নবাণে জর্জরিত করেন।
ভাইরাল ভিডিওতে দেখা যায় —ওমর ফারুক উত্তেজিত কণ্ঠে বলেন,“এনসিপির প্রোগ্রামে ছাত্রলীগের ক্যাডাররা! আমরা এই জায়গার স্টেকহোল্ডার! উনি জামায়াতের লোক!”
এসময় সারজিস আলম জবাবে শান্ত থাকতে চেষ্টা করে বলেন-“জামায়াতের কেউ এনসিপিতে আসতে পারে না? আপনি আসেন, মিডিয়ার সামনে এসব কথা বলা ঠিক নয়!”
ঘটনার পর সভাস্থলে মুহূর্তেই উত্তেজনা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই পুরো ঘটনাটি ভিডিও আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে—যা মানিকগঞ্জ সহ সারাদেশে জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে।
এ নিয়ে ফেসবুকসহ স্থানীয় মহলে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।অনেকে বলছেন, এটি রাজনৈতিক টানাপোড়েনের নতুন ইঙ্গিত, আবার কেউ দেখছেন প্রভাব বিস্তারের লড়াইয়ের প্রতিফলন হিসেবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST