মোঃ রমজান আলীঃ ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় তাঁর বাড়ি থেকে ১৪ বস্তা টিএসপি সার পাওয়া যায়।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাগমারী গ্রামের হাটখোলা পাড়ায় আলমগীর হোসেনের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি ওই গ্রামের শামসুল বিশ্বাসের ছেলে।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বাড়িতে মজুত করা সারের বিষয়ে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
কৃষি সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(১) ধারার বিধান অনুযায়ী অভিযুক্ত আলমগীর হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ মজুত ও অনিয়ম প্রতিরোধ এবং কৃষকদের জন্য সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সার ব্যবস্থাপনায় অনিয়ম প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST