মেলান্দহ (জামালপুর):
আগামী ১৩ ডিসেম্বর, ২০২৭ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে তফসিল ঘোষণার পর থেকেই উপজেলার প্রতিটি ইউনিয়নে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে।
নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে মেলান্দহের ৩ নং মাহমুদপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তৃণমূলের জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক জিএস রুনু তালুকদার। সাধারণ ভোটার ও স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকা এবং বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে মাহমুদপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে। তৃণমূলের সাধারণ মানুষ তাকেই আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
মাহমুদপুরসহ মেলান্দহ উপজেলার ১১ ইউনিয়নে আগামী ১৩ ডিসেম্বর একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের তারিখ চূড়ান্ত হওয়ার পর থেকেই প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারণ সদস্য পদপ্রার্থীরা জোরেশোরে মাঠে নেমেছেন। সম্ভাব্য প্রার্থীরা ডিজিটাল ব্যানার, পোস্টার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। শীতের আমেজের সাথে সাথে চায়ের দোকান থেকে শুরু করে হাটে-বাজারে এখন প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই নির্বাচন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। ভোটকেন্দ্র নির্ধারণ ও ভোটার তালিকা যাচাইয়ের কাজ চলছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনসারসহ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারির ব্যবস্থা করা হচ্ছে।
সব মিলিয়ে ১৩ ডিসেম্বরের ভোটকে কেন্দ্র করে গোটা মেলান্দহ উপজেলায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটাররা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের পছন্দের যোগ্য প্রতিনিধি বেছে নেওয়ার জন্য।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST