
স্পোর্টস ডেস্কঃ
মানিকগঞ্জ জেলা প্রশাসন কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মানিকগঞ্জ সদর উপজেলা ফুটবল দল। আজ (শুক্রবার) বিকেলে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল খেলায় মানিকগঞ্জ সদর উপজেলা দল টাইব্রেকারে ৩-২ গোলে শিবালয় উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়।
ম্যাচ সেরা হয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলা ফুটবল দলের গোলরক্ষক ইদ্রিস। প্রতিযোগিতায় সেরা গোলরক্ষকের পুরুষ্কারও পান তিনি। টুর্নামেন্ট সেরা হয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলা ফুটবল দলের ডিফেন্ডার রাসেল। সর্বোচ্চ তিনটি করে গোল করে গোল্ডেন বুট পান যুগ্মভাবে মানিকগঞ্জ সদর উপজেলা ফুটবল দলের স্ট্রাইকার শিপন ও শিবালয় উপজেলার দলের মিডফিল্ডার সোহেল।
খেলাশেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা- মন্ডলীর সদস্য ও জেলা বিএনপি’র আহবায়ক আফরোজা খানম রিতা, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়শনের সভাপতি শাহ আরিফুর রহমান বাবু, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, জেলা জামাতের আমীর কামরুল ইসলামসহ বিশিষ্টজনেরা।
গত ১৬ আগষ্ট এই প্রতিযোগিতা শুরু হয়। মানিকগঞ্জ পৌরসভা ও সাতটি উপজেলা ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST