
নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, গেজেটপ্রাপ্ত আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ গঠনে ছাত্র-জনতার এই আন্দোলন ইতিহাসের এক অনন্য অধ্যায়। জীবন বাজি রেখে রাজপথে নামা আন্দোলনকারীদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। গেজেটপ্রাপ্ত আহত যোদ্ধারা এ গণঅভ্যুত্থানের জীবন্ত সাক্ষী। তাদের সুচিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সরকার ও প্রশাসন কাজ করে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। আহত যোদ্ধারা আমাদের জাতীয় বীর। গোয়াইনঘাট উপজেলা প্রশাসন আহত যোদ্ধা ও শহীদ পরিবারের যেকোনো প্রয়োজনে সবসময় পাশে থাকবে।”অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক,
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং জুলাই গণঅভ্যুত্থানে গেজেটপ্রাপ্ত স্থানীয় আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে গেজেটপ্রাপ্ত আহত জুলাই যোদ্ধাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের আত্মার মাগফিরাত ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST