
মোঃ আশরাফুল ইসলাম, ষ্টাফ রিপোর্টারঃ
“নববর্ষের ঐকতান,গণতন্ত্রের পুনরুত্থান”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে মহাসমারোহে বাংলা নববর্ষ ১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হয়েছে।
সকাল ০৮.০০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মুখের চত্বরে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে নববর্ষ উদ্যাপনের সূচনা হয়। এরপর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও সুধীজনের অংশগ্রহণে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ঘাটাইল পৌরশহর প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিল্পকলা একাডেমি ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাসাস-এর শিল্পীগণ ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ গানটি পরিবেশন করেন। সাংস্কৃতিক পর্ব শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জনাব জাহিদুর রহমান।
তিনি এসময় ঘাটাইল উপজেলার নাগরিকবৃন্দকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং উপজেলা প্রশাসনের আয়োজনে সকল অনুষ্ঠানে স্বত:স্ফূর্ত অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন ঘাটাইল বিআরডিবি চেয়ারম্যান হারুন অর রশিদ ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST