পলাশ,নরসিংদী প্রতিনিধিঃ
পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা গ্রামে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে একটি টিনশেড ভাড়া বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার পেছনে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহ জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী। ক্ষতিগ্রস্তরা হারিয়েছেন তাদের মাথার ছাদ ও সহায়-সম্বল।
গতকাল শুক্রবার (৯ মে) রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়িটির মালিক আলতাব মিয়া জানান, তিনি তার বাড়ির পাঁচটি কক্ষ ভাড়াটিয়াদের কাছে ভাড়া দিয়েছিলেন। অগ্নিকাণ্ডের সময় তিনি বাড়িতে ছিলেন না। তার স্ত্রী মিলি ও প্রতিবেশীরা জানান, ভাড়াটিয়া শাহিন তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়িতে আগুন ধরিয়ে দিতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। শাহিনের স্ত্রী তখন বাইরে ছিলেন, কিন্তু ঘটনার পর থেকে শাহিন পলাতক।
পলাশ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল শহিদ জানান, এ অগ্নিকাণ্ডে প্রায় এক লাখ টাকার সম্পদ পুড়ে যায় এবং ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা রয়েছে কি না, তা তদন্তসাপেক্ষ। পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, এখনও পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় পাঁচটি পরিবার সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। ভাড়াটিয়াদের মধ্যে অনেকেই দিনমজুর এবং নিম্ন আয়ের মানুষ। এমন দুর্যোগে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
এখন সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমাদের মানবিক দায়িত্ব পালনের। সামান্য সাহায্যও তাদের জীবনে আশার আলো হয়ে উঠতে পারে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST