মোঃনিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চক্ষু বিভাগে আজ চরম অব্যবস্থাপনার চিত্র দেখা গেছে।
আজ ১৮ই অক্টোবর, রবিবার সকাল ৭টা থেকে দূর-দূরান্ত থেকে আসা শত শত রোগী হাসপাতালের চক্ষু বিভাগের সামনে ভিড় জমান। কিন্তু দুপুর ১২টা পর্যন্ত চক্ষু বিভাগের কোনো চিকিৎসক চেম্বারে আসেননি বলে অভিযোগ করেন ভুক্তভোগী রোগীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃদ্ধ, শিশু ও নারী রোগীদের আহাজারিতে হাসপাতাল চত্বরের পরিবেশ ছিল ভারি। অনেক রোগী প্রচন্ড গরমে ক্লান্ত হয়ে মেঝেতেই বসে পড়েন। টিকিট কেটেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাদের।
একজন ভুক্তভোগী রোগী জানান, “আমি নবীনগর থেকে ভোর ৬টায় রওনা দিয়ে ৭টায় এসেছি। ১২টা বাজে এখনো ডাক্তার আসে নাই। আমরা গরিব মানুষ, বাইরে ডাক্তার দেখানোর টাকা নাই।”
এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরতদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, সদর হাসপাতালের চক্ষু বিভাগের এই নিয়মিত অবহেলা ও ডাক্তারদের বিলম্বে আসার প্রবণতা বন্ধে জেলা সিভিল সার্জন ও হাসপাতাল তত্ত্বাবধায়কের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST