লাকী আক্তার,ব্যুরো প্রধান সিলেটঃ
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) এক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চকলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ১০:০৫ ঘটিকায় এসএমপি ডিবি পুলিশের একটি দল জালালাবাদ থানাধীন বাদাঘাট মডেল স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশে পাকা রাস্তার উপর নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এসময় শিবের বাজার দিক থেকে সিলেট শহরের দিকে আসা একটি টয়োটা কাভার্ড ভ্যানকে (ঢাকা মেট্রো-ম ৫১-৭৩২৯) থামার সংকেত দেয়া হয়।
গাড়িটি থামানোর পর তল্লাশি চালিয়ে ভেতর থেকে আনুমানিক ২০,৩০,৭৬০/- (বিশ লক্ষ ত্রিশ হাজার সাতশত ষাট) টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ ভারতীয় চকলেট উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটির চালক মোঃ ফারুক মিয়াকে (৪৬) গ্রেফতার করা হয়। আটক ফারুক মিয়া নরসিংদী জেলার পলাশ থানার গড়পারা এলাকার মোঃ জয়নাল আবেদীনের ছেলে।উদ্ধারকৃত চকলেট এবং চোরাচালানের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে নিয়ে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।
এ ঘটনায় জালালাবাদ থানায় দি স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং-২৭/১৬০, তারিখ-২৬/০৮/২০২৬খ্রি.)। আটক আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।
সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ পণ্যের চোরাচালান রোধে এসএমপি ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST