মোকছেদুল ইসলাম,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর অনুপ্রেরণায় সৃষ্টি নান্দাস গ্রাম উন্নয়ন দল ও পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করে।
সকাল ১০টায় নান্দাস বিকেআই দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে নান্দাস, বসকৈল ও কুন্দন গ্রামের প্রায় ১৪০ জন নারী-পুরুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। ক্যাম্পে আগত সেবাগ্রহীতারা বিনামূল্যে রক্তচাপ (ব্লাড প্রেসার), ডায়াবেটিস ও হিমোগ্লোবিন পরীক্ষা করার সুযোগ পান। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও অসচ্ছল পরিবারের সদস্যদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পরিচালনায় টেকসই পুষ্টির লক্ষ্যে বৈশ্বিক জোট কর্মসূচির আওতায় পুষ্টি সমৃদ্ধ ও স্বাস্থ্যকর গ্রাম গড়ে তোলার উদ্যোগ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে গ্রামের প্রতিটি নারী-পুরুষের পুষ্টি অবস্থা মূল্যায়ন, শারীরিক সমস্যা চিহ্নিতকরণ, ডাটাবেজে তথ্য সংরক্ষণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়। এছাড়াও সরকারি হাসপাতালের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দেশীয় বীজ ও প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদনের মাধ্যমে নিরোগ গ্রাম গড়ে তোলাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
নান্দাস গ্রামের ৭০ ঊর্ধ্ব শিপ্রা রানী প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পে সেবা গ্রহণ করে সন্তোষ প্রকাশ করে বলেন,
“আমাদের গ্রামে এসে এভাবে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে—এ জন্য আমি খুব খুশি। আমার সব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং ফলাফল ভালো এসেছে। ডাক্তার বলেছেন আমার শরীরের পুষ্টির অবস্থা ভালো এবং বড় কোনো রোগ নেই। এতে আমি খুবই আনন্দিত।”
মেডিকেল ক্যাম্প পরিচালনায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, হামিদুল ইসলাম, রেজাউল করিম, তরিকুল ইসলাম, মেডিকেল অফিসার সোহেল রানাসহ সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন। আয়োজকরা জানান, কার্যক্রমের ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের বিশেষ মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST