
লাকী আক্তার, ব্যুরো প্রধান, সিলেট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র জাফলংয়ের পরিবেশগত সংকটাপন্ন (ইসিএ) ঘোষিত ‘জিরো পয়েন্ট’ এলাকা মারাত্মক প্রাকৃতিক হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির মধ্যেই একটি প্রভাবশালী চক্র অবাধে বালু ও পাথর উত্তোলন চালিয়ে যাচ্ছে, যার ফলে পিআইন (পিয়াইন) নদীর অস্তিত্ব ও সার্বিক প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মান্না-দিলু সিন্ডিকেটের দৌরাত্ম্য ও অবৈধ পরিবহন।
স্থানীয় অধিবাসীরা জানান, মান্না ও দেলোয়ার হোসেন দিলু-র নেতৃত্বাধীন একটি প্রভাবশালী সিন্ডিকেট এই অবৈধ উত্তোলনের সঙ্গে সরাসরি জড়িত। জিরো পয়েন্ট এলাকা থেকে সংগৃহীত পাথর ও বালু প্রথমে বল্লাঘাটের কাউছার মিলের নিচের সাইটে মজুদ করা হয়। পরবর্তীতে তা ট্রাকে করে দেশের বিভিন্ন গন্তব্যে পাঠানো হয়। দিনের আলোতেই অবাধে চলছে এই পরিবহন কর্মকাণ্ড।
থানা পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ
পরিবহন চালক ও ব্যবসায়ীদের দাবি, পাথর এবং বালুবাহী প্রতিটি ট্রাক থেকে ২,০০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। যদিও জাফলং বিটে কর্মরত কর্মকর্তা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন, তবুও চক্রটি থানা পুলিশের নাম ভাঙিয়ে এই অর্থ আদায় করছে বলে অভিযোগ রয়েছে।
স্থায়ী প্রতিকার ও কঠোর আইনগত ব্যবস্থার দাবি বিভিন্ন সময় সাময়িক অভিযান চালানো হলেও এই সিন্ডিকেটের কার্যক্রম থামেনি। ফলে হুমকির মুখে পড়েছে জাফলংয়ের পর্যটন সম্ভাবনা।
স্থানীয় পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা অবিলম্বে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা উন্মোচন, ইসিএ এলাকার পরিবেশ রক্ষায় অবৈধ উত্তোলন চিরতরে বন্ধ এবং চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST