বিনোদন ডেস্কঃ
স্বামী প্রভীনকে বিবাহবাষির্কীর শুভেচ্ছা জানানোর পর অভিনয়শিল্পী তমালিকা কর্মকারের বিয়ের খবর প্রকাশ্যে আসে। গতকাল সোমবার সারা দিন বিয়ের খবরটি চর্চিত হয়। তবে কোন বছর বিয়ে হয়েছে, তা এত দিন কাউকে জানাননি। আজ মঙ্গলবার তমালিকা নিজেই জানালেন, কবে বিয়ে করেছেন।
তমালিকা বলেন, ‘আমি বিয়ের খবর তখনই জানিয়েছি, যখন থেকে আমি তিন বছর আগে বিয়ে করেছি। বিয়ের পর প্রতিবছর আমি তাঁকে শুভকামনা জানিয়েছি; এবারই প্রথমবার নয়।’ জানা যায়, ২০২২ সালের ২০ জানুয়ারি বিয়ের কাজ সেরেছেন তমালিকা ও প্রভীন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কাছের কয়েকজন বন্ধুর উপস্থিতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন তমালিকা কর্মকার। মাঝেমধ্যে দেশে আসেন। নাট্যদল আরণ্যকের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবে অংশ নিতে ২০২৩ সালেও এসেছিলেন তিনি। পরের বছর আবার এসেছিলেন। এর মধ্যে জানা যায়, তমালিকা যুক্তরাষ্ট্রে বিয়ে করেছেন। তবে কোনো সূত্রে নিশ্চিত হওয়া যাচ্ছিল না। তমালিকা ও প্রভীনের বিয়ের খবরটি দুজনের খুব কাছের মানুষেরা জানতেন। তবে দুজনের কেউই বিয়ের খবরটি কাউকে আনুষ্ঠানিকভাবে জানাতে চাননি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে প্রভীনের পরিচয়। এরপর তাঁরা দুজন প্রেমের সম্পর্কে জড়ান। তারপর বিয়ের সিদ্ধান্ত নেন।
এদিকে গতকাল সকালে তমালিকা কর্মকার তাঁর স্বামী প্রভীনের সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন’। তমালিকার পোস্ট করা সেই স্থিরচিত্রে বিনোদন অঙ্গনের অনেকেই শুভকামনা জানিয়েছেন। এই তালিকায় আছেন মাসুম রেজা, আঁখি আলমগীর, গোলাম ফরিদা ছন্দা, নাজনীন চুমকি, শারমীন জোহা শশী, শ্যামল মাওলা, হৃদি হক প্রমুখ। তমালিকাও অনেকের শুভকামনার উত্তর দিয়েছেন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST