স্টাফ রিপোর্টার,ঢাকাঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী পৃথক দুটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
আদালতে সাবেক মেয়র আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত।
দুটি মামলায় জামিন পেলেও এখনই কারাগার থেকে বের হতে পারছেন না সাবেক এই মেয়র। সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, আইভীর বিরুদ্ধে আরও পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশের ওপর স্থগিতাদেশ রয়েছে। ওই মামলাগুলোর বিষয়ে আগামী ৩ মে (রোববার) আপিল বিভাগে শুনানি ও আদেশের দিন ধার্য করা হয়েছে। ফলে তার কারামুক্তির বিষয়টি এখন আপিল বিভাগের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
দীর্ঘদিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করা সেলিনা হায়াৎ আইভীকে ২০২৫ সালের ৯ মে তার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST