মোশতাক আহামেদ,হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের আলিগঞ্জ বাজারে অবস্থিত ‘বিসমিল্লাহ হোটেল’-এ হাঁসের মাংসের কথা বলে ফার্মের মুরগির মাংস ও বাসি খাবার পরিবেশনের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিবাদ করায় ভুক্তভোগী ক্রেতার সঙ্গে হোটেল মালিকের অসদাচরণের ঘটনা ঘটেছে।
গত শুক্রবার রাতে আলিগঞ্জ বাজারের বিসমিল্লাহ হোটেলে খাবার খেতে যান সাঈদ আজমল হোসেন নামের এক ক্রেতা। এ সময় তাকে হাঁসের মাংসের বদলে পল্টি (ব্রয়লার) মুরগির মাংস ও বাসি ভাত পরিবেশন করা হয়। খাবারে এই প্রতারণার বিষয়টি ধরা পড়ার পর তিনি হোটেল কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে হোটেলের প্রভাবশালী মালিক জামাল মিয়া ক্রেতার সঙ্গে অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভুক্তভোগী ক্রেতা হোটেল ত্যাগ করতে বাধ্য হন।
ঘটনাটি স্থানীয় সংবাদকর্মীদের নজরে আসলে সত্যতা যাচাইয়ের জন্য হোটেল মালিক জামাল মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য বর্তমানে চরম ঝুঁকিতে রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। জনস্বাস্থ্যের কথা চিন্তা করে এবং ভোক্তাদের ঠকানোর অপরাধে অবিলম্বে অভিযুক্ত এই হোটেল মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ ভোক্তারা।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST