
জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়ন পরিষদে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় নুরুন্নাহার অধরা নামের এক নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (২৬ মে) এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইউপি সদস্য নুরুন্নাহার অধরা অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদে ভিজিএফ কার্ড বিতরণের তালিকা তৈরিতে চরম অনিয়ম ও স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়েছে। প্রকৃত দরিদ্র ও দুস্থদের বাদ দিয়ে পছন্দের লোকদের কার্ড দেওয়া হচ্ছে বলে তিনি প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ফুলকোচা ইউনিয়ন বিএনপির এক প্রভাবশালী নেতা ও তার অনুসারীরা ইউনিয়ন পরিষদ চত্বরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ভিজিএফ কার্ডের অনিয়ম নিয়ে ইউপি সদস্য নুরুন্নাহার অধরা ও স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত ওই নেতা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন।
এ বিষয়ে ভুক্তভোগী ইউপি সদস্য নুরুন্নাহার অধরা বলেন, “আমি দরিদ্র মানুষের হক আদায়ের কথা বলেছি। কার্ড বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় আমাকে জনসম্মুখে মারধর করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। নারী জনপ্রতিনিধির ওপর এমন হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা অবিলম্বে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST