
স্টাফ রিপোর্টার ঢাকা: ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের আগে ও পরে তৎকালীন প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা গোপনে দেশ ত্যাগ করেন। শেখ পরিবারের প্রায় দুই ডজন প্রভাবশালী সদস্য সংসদ সদস্য, মন্ত্রী পদমর্যাদার সুবিধাভোগী কিংবা ক্ষমতাসীন দলের শীর্ষপদে থাকলেও তাঁদের প্রায় সবাই গ্রেপ্তার এড়িয়ে বিদেশে গা ঢাকা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি অডিও কল রেকর্ডে ক্ষমতার শেষ দিনগুলোতে শেখ পরিবার ও তাঁদের সহযোগীদের মনোভাব স্পষ্ট হয়ে ওঠে। ২০২৪ সালের ৩ আগস্ট সকাল ৮টা ১৬ মিনিটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস সিঙ্গাপুরে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গিয়ে ইমিগ্রেশনে আটকে পড়ে শেখ হাসিনাকে ফোন করেন। কল রেকর্ডে তাপসকে বলতে শোনা যায়, “আমি একটু সিঙ্গাপুর যাব, যেতে চাচ্ছিলাম। আমি কি যেতে পারি?” জবাবে শেখ হাসিনা তাঁকে অনুমতি দিয়ে বলেন, “হ্যাঁ, যাও। যাবা না কেন?” এর পর শেখ হাসিনার সবুজ সংকেত নিয়ে তাপস তড়িঘড়ি করে দেশ ছাড়েন।
তাপসের এই গোপনে দেশ ত্যাগের ঠিক আগের দিনগুলোতেও ছাত্র-জনতার আন্দোলনে সারা দেশে শত শত মানুষের প্রাণহানি ঘটে। ৩ আগস্ট সকালের দিকে সরকার যখন চরম সংকট মুহূর্তে, তখন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবি ঘোষণা করেন। একই দিন সকালে সেনাসদরের এক দরবারেও সাধারণ মানুষের ওপর শক্তি প্রয়োগ না করার বিষয়ে স্পষ্ট মত উঠে আসে।
সরকারের ভঙ্গুর দশা টের পেয়ে শেখ পরিবারের সদস্যরা একে একে সপরিবারে দেশ ছাড়েন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শেখ পরিবারের অধিকাংশ প্রভাবশালী সদস্যের বর্তমান অবস্থান ভারতে। কলকাতার বিভিন্ন বিলাসবহুল আবাসন এলাকায় তাঁদের অবস্থান করার নানা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শেখ পরিবারের অর্ধশতাধিক সদস্য ও স্বজনের মধ্যে কেবল শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে মঈন উদ্দিন আবদুল্লাহ ২০২৪ সালের অক্টোবরে ঢাকায় গ্রেপ্তার হন। রাজনৈতিকভাবে কম পরিচিত মঈন উদ্দিন মূলত ব্যবসায় যুক্ত ছিলেন এবং তিনি আত্মগোপনে ছিলেন না বলেই জানা গেছে। এছাড়া সাবেক এই সরকারের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনামলে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা শেখ পরিবারের অন্য শীর্ষ প্রভাবশালী নেতারা ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST