
সাটুরিয়া প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সাটুরিয়া থেকে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে সাটুরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিশেষ অভিযান চালিয়ে সাটুরিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মঞ্জুরুল ইসলাম মঞ্জু মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং সাটুরিয়া সদর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি সাটুরিয়া ইউনিয়নের পশ্চিম কাওন্নারা গ্রামের মৃত আব্দুল গনি মিয়ার ছেলে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মঞ্জু নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা। তিনি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ছিলেন।
ওসি আরও জানান, তাঁর বিরুদ্ধে প্রাপ্ত বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST